বছর কয়েক আগের কথাই বলছি। তখন ঈদ মানে সত্যিকারের আনন্দ উৎসব ছিলো। আমরা চট্টগ্রামে থাকতাম, মামারা টঙ্গীতে। নানাবাড়িতে নানা-নানু আর দাদা বাড়িতে দাদু বেঁচে ছিলেন। ফলে তাদের টানে ঈদ উপলক্ষে সবাই বাড়িতে ফিরতো। দাদাবাড়ি-নানাবাড়ি দু'বাড়িতেই উৎসব আর অনাবিল আনন্দ বিরাজ করতো। আমার দুইকুলের গোষ্ঠীই বেশ বড়সড়। এছাড়াও গ্রামগুলোতে ঈদ উপলক্ষে সবাই আসতেন। সাধারনত আমাদের চাঁদপুরের লোকেরা শহরমুখী, ঈদ ছাড়া অন্য সময়ে গ্রামে গেলে কারো ছায়াটুকুও খুঁজে পাওয়া যায় না। আর ঈদ উপলক্ষে সবাই বাড়ি ফের নাড়ির টানে; বাবা-মা আত্মীয়দের সাথে ঈদ করতে। ফলে ঈদে পুরো গ্রামজুড়েই উৎসব ভাব বজায় থাকে। ছেলেবেলার আকুতি তুলে ধরলে অতিরঞ্জন হবে না, আমরা বছরজুড়েই মুখিয়ে থাকতাম, ঈদ কবে আসবে, কবে বাড়ি যাবো! ঈদে সাতকুলের সবাই বাড়ি আসতো। বাড়ি গেলেই পুকুরে দল বেঁধে সাঁতরে বেড়ানো, চরে- সুপারী বাগানে ছেলেবেলার বন্দুদের নিয়ে ঘুরে বেড়ানো, স্কুল মাঠে ভোর সকালে গোল্লাছুট খেলা, বিকেল করে নদীর ঘাটে যাওয়া আরো কতো অনাচার কর্ম! ঈদপূর্ব রাত্রে উঠোনে পাটি বিছিয়ে কাজিন সবাইকে নিয়ে উন্মুক্ত ট্যালেন্ট হান্ট আয়োজন, "যে কি পারো বলো দেকি!" ঈদের দিনে সেলামী,ঈদ কার্ড ড্রয়িং, গ্রাম্য মেলা আর বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো। আহা কি সোনঝরা স্মৃতি।
নানা বেঁচে থাকতে প্রতি ঈদেই বাড়ি যাওয়া আবশ্যক ছিলো। তারপর, নানা মারা গেলেন; ছেলেবেলার মধুর ঈদ থেমে গেলো। নানু টঙ্গীতে থিতু হলেন। ঈদে সবাই আসে না। আমারাও অনিয়মিত হয়ে পড়লাম। দুয়েক ঈদে আসি, না চট্টগ্রামেই ঈদ করি। মেহফিল আর জমে না, হারানো সুর বাজে না, শূন্যতায় ভরে গেলো প্রশান্তির প্রহরগুলো।
ভার্সিটিতে উঠার সুবাদে ঢাকা পাড়ি জমালাম। এরপর প্রতি ঈদেই প্রায় নানুর সাথে বাড়ি যাই, বাবা-মা চট্টগ্রাম থেকে আসেন, মামারাও। রঙমহলের জির্ণ রঙ নতুন প্রলেপ পেলো, হারনো সুর পেলো নতুন রাগ। তারপর একে একে দিন-সুদিন পেরিয়ে অসময়ের ঘটঘটা চলে এলো। মাস্টার্স শেষ, আমি আত্মপরিচয় সংকটে পড়ে গেলাম। নতুন করে নীড় খুঁজে পাওয়া পর্যন্ত আমি ছন্নছাড়া। গাছে গাছে ভগ্ন ঢালে নীড় গড়ার চেষ্টা অবিরত! মন মেলে না কিছুতেই। ঈদগুলো নিরবে কেটে গেলেই বাঁচি।
সান্ধ্য পারিয়ে আঁধার ঘোরতর হলো। এই আঁধার অমবস্যার আঁধার নয়, দুঃসময়ের আঁধার। করোনাকাল আগ-পরেই নানু-দাদু এবং একমাত্র খালু মারা গেলেন। বুক চিড়ে তখন শুধু শোকের শীতল নিঃশ্বাস। ঈদ উৎসবের সুদিন ডুবে গেলো অতীতের ঘোলা জলে।
এবারের কথাই বলছি। সঙ্গত কোন কারনে হলে ঈদ করার সিদ্ধান্ত নিলাম। অফিস ছুটি হতেই ব্যাগ নিয়ে হলে চলে এলাম। কিন্তু যে জন্য হলে এলাম তা আর হলো বই কি। রিডিং রুম পুরোটা ফাঁকা, বইয়ে মন বসছে না কোন ভাবেই। মাকে ফোন দিয়ে জানলাম মা আর ছোটবোন চট্টগ্রামে থাকবে। বাবা বাড়ি গিয়েছেন ছোটভাইকে নিয়ে, মায়াকাতুরে এই লোকটা কখনো বাড়ির মায়া ছাড়তে পারে না। বাদ বাকি সবাই টঙ্গীতে, ছোট মামা বাড়ি চলে গেছেন। আমি আর কি করি! হাপিত্যেশ করে বেড়াই। একবার ভাবি ঈদের দিন টঙ্গীতে যাবো, আবার ঈদ কি ছাই! হলে একঘুম দিলে বিকেল পেরিয়ে যাবে, ঈদটাও কেটে যাবো, আমাদের একালে সুখ-উৎসব সবই কেমন যেন বড্ড আপেক্ষিক! সকাল বেলাও মনকে শক্ত করে বেঁধে নিলাম। বাড়ি যাবো না। কিন্তু বেলা বাড়তেই শপথের বাঁধন অল্পতেই আলগা হয়ে গেলো। কেন যেন বাড়ি ঢাকছে আমায়। কিছু অস্ফুট স্বর বারবার ঢেকে বলছে "একবার এসে আমাদের দেখে যাও! কতোদিন তোমার মুখ দেখি নি!"
আমি অনাদিকালের যাযাবর। তল্পিতল্পা সবর্দা গোছানো থাকে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেড়িয়ে পড়লাম। অস্ফুট সেই স্বরগুলোর ঢাকে সাড়া দিতে.....

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন